রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সাংবাদিক পরিচয়ে অটোরিকশা ও রিকশাচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে এক যুবককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ। আটক যুবকের নাম মো. সজিব পাঠান সম্রাট (২৮)।
ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ খবর পায়, এক ব্যক্তি নিজেকে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে অটোরিকশা ও রিকশাচালকদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছেন।
এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশের সদস্যরা সজিব পাঠান সম্রাটকে আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, অন্য একজনের কাছ থেকে সংগ্রহ করা সাংবাদিক পরিচয়ের একটি আইডি কার্ড ব্যবহার করে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করতেন।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে প্রতারণা বা চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।