রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতের নাম হুমায়ুন কবির (২৩)। তিনি একটি ডিপার্টমেন্টাল স্টোরের কর্মচারী ছিলেন। এ ঘটনায় হুমায়ুন কবিরের বন্ধু সোহেল (২২) আহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে পোস্তগোলা ব্রিজে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় হুমায়ুন কবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু আরিফুল ইসলাম বাপ্পী জানান, হুমায়ুনের বাসা রাজধানীর কলাবাগানের ঢালিবাড়ি এলাকায়। তিনি একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতেন। তারা ১০-১২ জন বন্ধু মিলে মোটরসাইকেলে মাওয়া ঘাটে ঘুরতে যান। ভোরে সেখান থেকে ঢাকায় ফিরছিলেন।
তিনি আরও জানান, পোস্তগোলা ব্রিজে ওঠার পর একটি ট্রাক হুমায়ুনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে হুমায়ুন ও সোহেল রাস্তায় ছিটকে পরে আহত হন। তাদের দুজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন। মৃত হুমায়ুন কবিরের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ভাওয়াল গ্রামে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হুমায়ুন কবিরের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত সোহেলকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।