রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল সংলগ্ন সড়কের দুই পাশে প্রবল বৃষ্টিতে জমে থাকা পানি এবং ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর তিনি এসব এলাকায় পরিদর্শনে যান। এ সময় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রশাসক।
পরিদর্শনকালে মো. শফিকুল ইসলাম খান নিজেই জমে থাকা পানির মধ্যে হেঁটে পানি নিষ্কাশনের নালা ও ড্রেনের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্থানীয় দোকানদারদের ড্রেনে বা আশপাশে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান, যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়।
এরপর প্রশাসক মিরপুর-১২-এর ৬ নম্বর কাঁচাবাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা পরিদর্শন করেন। সেখানে বাজারে ময়লা-আবর্জনা জমে থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
তাৎক্ষণিকভাবে বাজারের দোকানদার, সংশ্লিষ্ট বাজার কমিটি এবং স্থানীয় নেতাদের ডেকে সমস্যা দ্রুত সমাধানের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে ডিএনসিসির জোন-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।