রাজধানীর খিলখেত থানাধীন কুড়িল বিশ্বরোড রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় রাকিব (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২) জুলাই সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে সকাল ৮টা ১৫ মিনিটে এখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাকিব সদ্য অনার্স (স্নাতক) সম্পন্ন করে নিজ গ্রাম থেকে চাকরির উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন।
রাকিবকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান বলেন, ‘আমি প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে কুড়িল বিশ্বরোড রেলগেট এলাকা দিয়ে যাচ্ছিলাম। আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। দেখলাম রাকিব ছাতা মাথায় দিয়ে অসতর্কভাবে রেললাইন পার হচ্ছিলেন। আমি ছিলাম লাইনের অপজিট সাইডে। ছাতা মাথায় থাকায় তিনি হয়তো ট্রেনটি দেখতে পাননি, ট্রেনের হুইসেলও শুনতে পাননি।’
আবু রায়হান আরও বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে একটি ট্রেন তাকে ধাক্কা দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হয়ে পড়ে থাকেন। পরে স্থানীয় আরও কিছু মানুষের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভোর সাড়ে ৭টার দিকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা উন্নতি চিকিৎসার জন্য ৮:১০ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু রায়হান জানান, রাকিবের পকেটে থাকা মোবাইলের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে তার বাবার সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়। নিহত রাকিবের বাবা জানান, তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা গ্রামে। রাকিব সদ্য অনার্স (স্নাতক) সম্পন্ন করে নিজ গ্রাম থেকে চাকরির উদ্দেশ্যে ঢাকায় এসেছিলো।
রোববার সকালে চাকরির ইন্টারভিউ সম্পর্কিত কোন কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে এই দুর্ঘটনার স্বীকার হয় বলে জানান আবু রায়হান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। এ ঘটনা খিলখেত থানাকেঞ্জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।