রাজধানীর উত্তরখানের এসটিএস এলাকায় দায়িত্বরত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) সকালে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ। এ ঘটনায় এরইমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে যাতে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত হয়, সে লক্ষ্যে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, আহত পরিচ্ছন্ন কর্মীদের দেখতে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রশাসক ও এমপি দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রশাসক জানান, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।