রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান আহত হয়েছেন। ধোঁয়াজনিত শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ায় তাদের রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে তাদের হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের নিয়ন্ত্রণ কক্ষের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, হাইকমিশনার ও তার স্ত্রী বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক ডা. আমিনা সুলতানার তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। বর্তমানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বাসভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হন হাইকমিশনার ও তার স্ত্রী।
অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।