অনলাইন সংবাদমাধ্যম শীর্ষ নিউজ ও সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদক মো. একরামুল হকের বিরুদ্ধে চাঁদাবাজি, অর্থ লেনদেন এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পদায়নে তদবিরের অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এশিয়া পোস্টের এক প্রতিবেদনে এসব অভিযোগের কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, একরামুল হকের কথিত চাঁদাবাজি, অর্থ গ্রহণ এবং প্রশাসনিক তদবিরসংক্রান্ত একাধিক অডিও ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে। এসব অডিওতে তাঁকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অর্থ লেনদেন, নিয়োগ এবং সংবাদ প্রকাশ বন্ধ করা নিয়ে কথা বলতে শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে প্রকাশিত একটি অডিওতে দেলোয়ার নামের এক ব্যক্তিকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান পদে বসানোর ব্যবস্থা করছেন বলে দাবি করতে শোনা যায় একরামুল হককে। এ বিষয়ে ডিজিএফআইয়ের সুপারিশ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। চেয়ারম্যান করা সম্ভব না হলে তাঁকে সচিব পদে বসানোর আশ্বাস দেওয়ার কথাও অডিওতে উঠে এসেছে।
অন্য একটি অডিওতে অর্থ গ্রহণের বিষয়ে একরামুল হককে বলতে শোনা যায়, ‘আপনি ভাই হিসাবে বলেছেন বলে টাকাটা আমি নিয়েছি, অন্যথায় আমি টাকা নিতাম না। এগুলো দিয়ে আমার কিছুই হয় না। আমার মাসে কত টাকা খরচ।’
প্রতিবেদনে বলা হয়, নিজের রাজনৈতিক যোগাযোগ ও প্রভাবের কথা বলার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও ঘনিষ্ঠতার দাবি করেন একরামুল হক। একটি অডিওতে তাঁকে বলতে শোনা যায়, তারেক রহমান বিদেশে থাকার সময় তাঁর পত্রিকা শীর্ষ নিউজ পড়তেন। পাশাপাশি বড় বড় ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর প্রসঙ্গেও একাধিক বক্তব্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একটি অডিওতে এক যুগ্ম সচিবের সঙ্গে সংবাদ প্রকাশ বন্ধ করা নিয়ে আলোচনার কথা বলতে শোনা যায় একরামুল হককে। তাঁর দাবি, ওই যুগ্ম সচিব তাঁকে ফোন করে মন্ত্রণালয়ে ডেকে নিয়েছিলেন এবং সংবাদ প্রকাশ না করার বিষয়ে কথা বলেছিলেন।
একই কথোপকথনে প্রতিমন্ত্রী আব্দুল বারীর প্রসঙ্গ টেনে একরামুল হক বলেন, তাঁকে সংবাদ প্রকাশের বিষয়টি সামাল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। এ সময় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ উপার্জনের অভিযোগ থাকার কথাও উল্লেখ করেন তিনি।
নিয়োগ ও পদায়নের বিষয়ে একরামুল হককে বলতে শোনা যায়, জনপ্রশাসন প্রতিমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছিলেন যে নিয়োগ কার্যক্রম চালু হলে বিষয়গুলো দেখবেন। তবে তাঁর দাবি অনুযায়ী, দেলোয়ারকে চেয়ারম্যান করা কিংবা অন্য কোনো কাজই তখন পর্যন্ত সম্পন্ন হয়নি।
এশিয়া পোস্টের প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিকে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ দাবি করে আসছেন একরামুল হক। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগও রয়েছে। এমনকি প্রকাশিত সংবাদ বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে বিতরণ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
আগেও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার
একরামুল হকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নতুন নয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের আমলেও সচিবালয়কেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল।
২০১১ সালের ২৮ জুলাই ব্যবসায়ী গিয়াসউদ্দিন তালুকদার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। ওই মামলায় ৩১ জুলাই কলাবাগান থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে আদালত তাঁকে রিমান্ডে পাঠান।
এর পরদিন ১ আগস্ট সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক শাহবাগ থানায় তাঁর বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজির মামলা করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০১১ সালের ৩ জুলাই এমদাদুল হকের কাছে ১০ লাখ টাকা দাবি করেন একরামুল হক। ওই অর্থ আদায়ের জন্য তিনি সচিবালয়ে গিয়েছিলেন। সেখানে তাঁকে না পেয়ে অন্য একজনের মাধ্যমে টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছিল।
এ ছাড়া একই বছরের ২ আগস্ট চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকির অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা হয়। ওই মামলায় তাঁর স্ত্রী মাহবুবা হককেও আসামি করা হয়েছিল।
আগের এসব ঘটনার পর তাঁর অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হলেও বর্তমানে আবারও সচিবালয়ে প্রবেশের কার্ড পেয়েছেন তিনি। অতীতের অভিযোগ ও মামলার পরও কীভাবে তিনি নতুন করে সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এশিয়া পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে নতুন করে চাঁদাবাজির অভিযোগ সামনে এসেছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ীরা তাঁর কর্মকাণ্ডে অতিষ্ঠ বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় একজন ব্যবসায়ী সুনির্দিষ্ট অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মো. একরামুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি বলে এশিয়া পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে।