রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে আগুন লাগার সংবাদ পেয়েছেন তারা। তবে ঘটনাস্থল থেকে বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, ঘটনাস্থলে শুধু ধোঁয়া দেখা যাচ্ছে।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।