রাজধানীর ভাটারা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে শোকদিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিলের আয়োজন করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা ওই ফ্ল্যাটে জড়ো হয়েছিলেন। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড ও ব্যানার ছিল এবং তারা বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন বলে দাবি করেছে পুলিশ।
ভাটারা থানা পুলিশের অভিযানে সেখান থেকে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিত নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছে।