বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পুলিশ ও ডিপিডিসির যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৯টি ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান জব্দ করা হয়েছে। একই সঙ্গে চারটি গ্যারেজে থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং চার্জিংয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে সাতজন রিকশা গ্যারেজ মালিককে আটক করা হয়। পরে তাদের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রফিকুল ইসলাম জানান, তেজগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের ওপর বিভিন্ন গ্যারেজ তৈরি করে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চার্জ দেওয়ার অভিযোগ ছিল। এতে একদিকে বিদ্যুৎ চুরির ঘটনা ঘটছে, অন্যদিকে সড়কের ওপর অননুমোদিত চার্জিং পয়েন্ট স্থাপনের কারণে যানজটও সৃষ্টি হচ্ছে।
অভিযানের সময় চারটি গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগের সন্ধান পাওয়া যায়। পরে সংযোগগুলো বিচ্ছিন্ন করে চার্জিংয়ের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
ডিপিডিসির তেজগাঁও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, অভিযানে আটক সাতজনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্টের বিরুদ্ধে এতদিন মূলত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও সরঞ্জাম জব্দের মতো ব্যবস্থা নেওয়া হলেও এবার চার্জিং পয়েন্টের মালিকদের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নতুন মাত্রা যোগ করেছে। এতে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বার্তা পাওয়া যাচ্ছে।
ডিপিডিসির এ উদ্যোগের ফলে শুধু অবৈধ রিকশা-ভ্যান জব্দ নয়, বিদ্যুৎ চুরি ও অননুমোদিত চার্জিং ব্যবসার বিরুদ্ধেও নজরদারি ও আইনি ব্যবস্থা আরও জোরদার হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।