রাজধানীর পল্টন থানার গুলিস্তানে শহীদ আহাদ পুলিশ বক্সের সামনে অজ্ঞান পার্টির কবলে পড়ে মো. আমজাদ (২৯) নামের এক এনজিও কর্মী সর্বস্ব খুইয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলের দিকে ঘটনাটি ঘটে।
ভুক্তোভোগী আমজাদকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে তার পাকস্থলী ওয়াস করে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
আমজাদের ভগ্নিপতি মো. সোহেল জানান, তার শ্যালক নোয়াখালী এলাকায় একটি এনজিওর মাঠ কর্মী হিসেবে কর্মরত আছেন। গত মাসে লালমনিরহাটে তার পোস্টিং হয়েছে। ব্যাংকে কাজ থাকায় আজকে ঢাকায় তাদের বাসায় আসেন তিনি। কিন্তু গুলিস্তানে অজ্ঞান পার্টির প্রতারক চক্র নেশা জাতীয় কিছু খাইয়ে তাকে অচেতন করে মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়।
তিনি আরও জানান, আমজাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলা কোম্পানীগঞ্জে। বর্তমানে লালমনিরহাটে একটি এনজিওর মাঠ কর্মী হিসাবে কর্মরত রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিস্তান এলাকায় এক এনজিও কর্মী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পাকস্থলী ওয়াস দিয়ে মেডিসিন বিভাগে ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আমরা জানতে পেরেছি, তার কাছ থেকে একটি স্মার্টফোন ও কিছু টাকা নিয়ে গেছে কত টাকা নিয়ে গিয়েছে। উনি সুস্থ হলে বিষয়টি বিস্তারিত জানা যাবে।