ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক ‘আটকের’ প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড় এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটির আয়োজন করে ‘সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি সংগঠন। মিছিলটির সামনের ব্যানারে ‘বাংলাদেশ সলিডারিটি ফর ভেনেজুয়েলা’ লেখা দেখা গেছে।
আজ শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার পর দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটক করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাদুরোকে কোথায় কীভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা এবং তার নেতা, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে দেশ থেকে বের করা হয়েছে।
এদিকে মার্কিন বাহিনীর হাতে আটক নেতা নিকোলাস মাদুরোর ‘জীবিত থাকার প্রমাণ’ প্রকাশ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার উপ-রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেস।
ভেনেজুয়েলার টেলিভিশনের সঙ্গে ফোনালাপে রদ্রিগেস বলেন, কারাকাস ও অন্যান্য শহরে ধারাবাহিক মার্কিন হামলার পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবস্থান সম্পর্কে তিনি কিছুই জানেন না।
এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বৃহৎ সামরিক আঘাত ও দেশটির প্রেসিডেন্ট মাদুরোর মিত্ররা এ ঘটনার নিন্দা জানিয়েছে। স্পেন শান্তিপূর্ণ সমাধানের জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে।
১৯৮৯ সালে পানামার সামরিক নেতা ম্যানুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে লাতিন আমেরিকায় সরাসরি এ ধরনের হস্তক্ষেপ করেনি যুক্তরাষ্ট্র।