রাজধানীর গুলশান থানাধীন কালা চাঁদপুর একটি বাসা থেকে সাদিয়া রহমান মিম (২৭) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মিম বার ড্যান্সার ছিলেন। সে বিউটি পার্লারের কর্মীও ছিলেন। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গুলশান থানা উপ-পরিদর্শক(এসআই) মো. মারুফ আহমেদ জানান, ‘আমরা খবর পেয়ে শনিবার দিবাগত রাতে কালাচাঁদপুর পশ্চিম পাড়ার ওই ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’
তিনি আরও জানান, ‘পরিবারে লোকের মুখে জানতে পারি যে, নিহত মিমের আগের দুইটি বিয়ে হয়েছিল। তবে কোনো স্বামীর সঙ্গেই সে সংসার করত না। তার গলাকাটা ছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সে ধর্ষিত হয়েছিল কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে জানা যাবে।
নিহত মিমের দুলাভাই মোহাম্মদ নুরুন্নবী জানান, ‘আমার শ্যালিকার দুটি বিয়ে হয়ে ছিল। তার আগের ঘরের মারিয়া (০৫) নামের একটি কন্যা সন্তান রয়েছে। পরের ঘরে কোনো সন্তান নেই। কোনো স্বামী সঙ্গে তার আর এখন সম্পর্ক নেই। আমার শালিকা বার ড্যান্সার ও বিউটি পার্লার কর্মী ছিল। সে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার মুশুদ্দি পশ্চিমপাড়া এলাকার মৃত শহীদ আলীর মেয়ে। সে গুলশানের কালা চাঁদপুর পাকা মসজিদ পশ্চিমপাড়া ক-৮৯ ফ্লাট ২/বি দুইতলায় নুসরাতের সঙ্গে থাকত। নুসরাতও বার ড্যান্সার।’