রাজধানীর পুরান ঢাকার একটি ভোটকেন্দ্রে একজনের ভোট অন্য একজন দিয়ে দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ নবী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
ইশরাক হোসেন বলেন, ‘আজকে এই কেন্দ্রে একটা ছোট মাইনর ঘটনা ঘটেছে। একজনের ভোট আরেকজন দিয়ে চলে গেছে। পরবর্তীতে যার অরিজিনাল এনআইডি বা যেই ব্যক্তি, তিনি আসার পরে দেখা যাচ্ছে বোর্ডে ডুপ্লিকেশন হয়ে যাচ্ছে।’
তিনি আরও জানান, এ বিষয়ে এজেন্টদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে বিষয়টি জানিয়েছেন।
ইশরাক হোসেন বলেন, ‘প্রিজাইডিং অফিসার অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে বিধিমালা ফলো করেছেন। ডুপ্লিকেসি হলে যে ভোট অপশন আছে, সেটি তিনি করেছেন। পরবর্তীতে এটা কমিশনে যাবে।’
ঘটনাটি ধরা পড়ায় কেউ পার পেয়ে যায়নি এবং নির্বাচন আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি করে এই বিএনপি প্রার্থী জানান, কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তার উপস্থিতিতে আইন অনুযায়ী করণীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘এটা নিয়ে তেমন কোনো ঝামেলা হয় নাই, সবই ঠিক আছে।’
এদিকে রিটার্নিং কর্মকর্তা ইশরাক হোসেনকে আশ্বস্ত করেছেন, অভিযোগটি নির্বাচন কমিশনে পাঠানো হবে এবং নির্বাচন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।