রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ফুল দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজন। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল হক বলেন, ফেসবুকে ‘গণকান্নার’ কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে ‘বিক্ষুব্ধ জনতা’ তাদের মারধর করে। একপর্যায়ে পুলিশ পাঁচজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পরিচয় দেন। এই তিনজনের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
এর আগে রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ‘এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’