রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মীরহাজারীবাগে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলামকে (৫৫) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজিজুল ইসলাম একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তিনি গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। তার বাবার নাম সালামৃধা। অন্যদিকে সাইফুল ইসলাম একটি মোটরের দোকানে কর্মচারী ছিলেন। তিনিও সতীশ সরকার রোডে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাবার নাম লোকমান খন্দকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সংঘর্ষ হলে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনা আহত দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।