ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির শীর্ষ পদের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
আইজিপির দপ্তর থেকে জারি করা আদেশে বলা হয়, ডিএমপি কমিশনার হিসেবে নিয়মিত কোনো কর্মকর্তা যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করবেন।
এর আগে বুধবার ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ওই পদ থেকে পদত্যাগ করেন শেখ মো. সাজ্জাত আলী। তিনি নিজেই পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছর মেয়াদে ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন সাজ্জাত আলী।