দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর আবারও টেলিভিশন পর্দায় ফিরছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল ‘চ্যানেল ওয়ান’। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৭ মিনিট থেকে চ্যানেলটি পুনরায় তাদের বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রম শুরু করবে। রোববার (২৬ এপ্রিল) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার ঠিক ৩ মিনিট আগে অর্থাৎ ৬টা ৫৭ মিনিটে রাজনৈতিক প্রতিহিংসার জেরে তৎকালীন আওয়ামী লীগ সরকার চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দিয়েছিল। ঠিক ১৬ বছর পর, সেই একই দিন এবং একই সময়ে আবারও সম্প্রচারে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন বলেন, ‘২০০৬ সালে আত্মপ্রকাশের পর থেকেই চ্যানেল ওয়ান সংবাদে দলনিরপেক্ষতা এবং নৈতিকতার প্রতি অবিচল ছিল। ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের প্রধান কাজ—এই নীতিতে অটল থাকার কারণে তৎকালীন সরকারের বিরাগভাজন হতে হয়েছিল আমাদের। ফলে ২০১০ সালে অন্যায়ভাবে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়। চব্বিশের জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা আমাদের আইনি লড়াই শুরু করি। অবশেষে গত বছরের ২৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ বিটিআরসির সেই পুরোনো সিদ্ধান্ত স্থগিত করায় আমাদের সম্প্রচারে আসার সব বাধা দূর হয়।’
তিনি আরও জানান, আগের যাত্রায় সংবাদে যে বস্তুনিষ্ঠতা ও সাহসের ছাপ ছিল, এবারও সেই ধারা অব্যাহত থাকবে। দর্শক জনপ্রিয়তার শীর্ষে থাকা এই চ্যানেলটি আবারও দেশ ও মানুষের কল্যাণে রুচিশীল অনুষ্ঠান এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে।
চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ বলছে, ২০০৬ সালের ২৪ জানুয়ারি যাত্রা শুরু করা চ্যানেল ওয়ান খুব দ্রুতই তার সংবাদের মান ও উপস্থাপনার কারণে বাংলাদেশের টেলিভিশন দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। দীর্ঘ ১৬ বছরের অনিশ্চিত যাত্রা শেষে সোমবার থেকে আবারও দর্শকরা তাদের প্রিয় চ্যানেলটি পর্দায় দেখতে পাবেন।