রমজানের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর রায়পুরায় ২০০ এতিম শিক্ষার্থীর মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) অরফান লাভ ফাউন্ডেশনের আয়োজনে রমজানের জন্য এসব প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়।
রায়পুরা উপজেলার সিরাজনগর উম্মুলকুরা মাদরাসা মাঠে আয়োজিত এ কর্মসূচিতে খাদ্য-সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, ডাল, চিনি, ছোলা, আটা, খেজুর ও বিস্কুট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টার্কিস কো-অপারেশন অ্যান্ড কোর্ডিনেশন এজেন্সির (টিকা) ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর আব্দুলকাদির বায়রাম। তিনি বলেন, ‘এটি তুরস্কের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসার একটি ছোট উপহার।’
আয়োজনকারী প্রতিষ্ঠান অরফান লাভ ফাউন্ডেশনের অরফান বিভাগের প্রধান আমিনুল ইহসান ইসলাম এতিম শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অরফান লাভ ফাউন্ডেশন (www.orphan.love) একটি সরকার অনুমোদিত বেসরকারি অলাভজনক সংস্থা, যা বাংলাদেশের এতিম ও ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন সহায়তা দিয়ে আসছে।