করপোরেট সুশাসনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা পঞ্চমবারের মতো ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল)।
২০২৫ সালের করপোরেট সুশাসনে উৎকর্ষের স্বীকৃতি হিসেবে আয়োজিত ১৩তম ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’-এ ‘ফুড অ্যান্ড অ্যালাইড কোম্পানিজ’ ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা, নন-এক্সিকিউটিভ ডিরেক্টর জিনিয়া তানজিনা হক এবং কোম্পানি সেক্রেটারি শারমিন আক্তার।
অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা বলেন, টানা পঞ্চমবারের মতো এ স্বীকৃতি অর্জন স্বচ্ছতা, জবাবদিহি ও নৈতিক ব্যবসায়িক চর্চার প্রতি প্রতিষ্ঠানের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। ইউসিএলের কার্যক্রম পরিচালনা এবং অংশীজনদের সঙ্গে আস্থা তৈরিতে শক্তিশালী করপোরেট সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ স্বীকৃতি সুশাসনের মান আরও উন্নত করতে এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা অব্যাহত রাখতে উৎসাহ জোগাবে।
আয়োজক সূত্রে জানা যায়, আইসিএসবি করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ডের জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে কঠোর ও নিরপেক্ষ মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। স্বাধীন কারিগরি কমিটির মূল্যায়নের পর স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড চূড়ান্ত বিজয়ীদের অনুমোদন দেয়।
টানা পাঁচবারের এ অর্জন দেশের করপোরেট খাতে স্বচ্ছতা, জবাবদিহি, সুশাসন ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা প্রতিষ্ঠায় ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।