শেখ হাসিনা যদি সত্যিই বাংলাদেশে ফিরতে চান, তাহলে ভারত সরকারের কাছে আবেদন করতে পারেন। ভারত সরকার চাইলে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে!
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (International Crimes Tribunal—ICT) চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম ভাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম তাঁর দপ্তরে।
আমাকে তাঁর চেম্বারে বসতে দেওয়া হলো। কিছুক্ষণ পর তিনি কক্ষে প্রবেশ করলেন। আমাকে দেখেই নাম ধরে সম্বোধন করলেন এবং অত্যন্ত আন্তরিকতা ও সম্মানের সঙ্গে কথা বলতে শুরু করলেন। শুধু তাই নয়, তাঁর কক্ষে অপেক্ষমাণ অন্য সংবাদকর্মীদের উদ্দেশে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে নাগরিক টিভি কানাডার সাহসী ও আপসহীন ভূমিকার কথাও স্মরণ করিয়ে দিলেন।
মুহূর্তটি আমার জন্য সত্যিই ছিল অন্যরকম। ছিল সম্মান, মর্যাদা এবং দীর্ঘদিনের সংগ্রামের এক অনন্য স্বীকৃতি। মনে মনে ভাবছিলাম, দেশের কঠিন সময়ে দেশের পক্ষে, মানুষের অধিকার ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার মূল্য হয়তো এভাবেই কোনো একদিন ফিরে আসে। মানুষের স্মৃতিতে থেকে যায় সাহসী ভূমিকা, আর সেই স্বীকৃতিই হয়ে ওঠে জীবনের বড় প্রাপ্তি।
আজকের দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী বললেন চিফ প্রসিকিউটর?
আলাপচারিতার একপর্যায়ে তাঁকে সরাসরি প্রশ্ন করলাম -
আমি: শেখ হাসিনা তো দেশে ফেরার কথা বলছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আপনাদের প্রস্তুতি কী?
চিফ প্রসিকিউটর: আমি তো গতকালই জানিয়ে দিয়েছি, ডিসেম্বর কেন, আজকেই নয় কেন? তিনি আসতে চাইলে যেকোনো সময় আসতে পারেন।
আমি: তাহলে কি শেখ হাসিনা আসলে একধরনের তামাশা করছেন?
চিফ প্রসিকিউটর: নিশ্চয়ই!
আমি: আপনাদের পক্ষ থেকে ট্রাভেল পাস দেওয়া না হলে তিনি আসবেন কীভাবে?
চিফ প্রসিকিউটর: আইনে না থাকলে দেব কীভাবে?
তিনি আরও বলেন, এত আনুষ্ঠানিকতারও প্রয়োজন নেই। শেখ হাসিনা যদি সত্যিই বাংলাদেশে ফিরতে চান, তাহলে ভারত সরকারের কাছে আবেদন করতে পারেন। ভারত সরকার চাইলে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে।
আমি আবারও জানতে চাইলাম, তাহলে কি আপনি মনে করছেন শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে নাটক করছেন?
চিফ প্রসিকিউটরের সরাসরি জবাব! তিনি স্টান্টবাজি করছেন!
কথাটি শুনে আমার গত সপ্তাহের নাগরিক টিভি কানাডার অনুষ্ঠান ‘প্রধানমন্ত্রী তারেক রহমান, জানতে চাই’ এর একটি আলোচনার কথা মনে পড়ে গেল। সেখানেও শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য প্রসঙ্গে আমি প্রায় একই ধরনের মন্তব্য করেছিলাম।
শেষ কথা
আজকের সাক্ষাৎ থেকে আমার উপলব্ধি, গণমাধ্যমের কাজ শুধু সংবাদ পরিবেশন করা নয়; ইতিহাসের কঠিন সময়ে সত্যের পক্ষে দাঁড়ানো এবং ক্ষমতার চোখে চোখ রেখে প্রশ্ন করাও গণমাধ্যমের দায়িত্ব।
শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে নাগরিক টিভি কানাডা যে ভূমিকা রাখার চেষ্টা করেছে, আজ সেই ভূমিকার কথা অন্যদের মুখে শুনতে পাওয়া আমার জন্য নিঃসন্দেহে বড় প্রাপ্তি।
সম্মানিত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।
সত্য, সাহস ও মানুষের পক্ষে এই পথচলা অব্যাহত থাকুক।
টিটো রহমান
মানবাধিকার ও গণমাধ্যম কর্মী,
সিইও, নাগরিক টিভি কানাডা