সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১২ মার্চ। গত বছরের এই দিনে ৮৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
১৯৪২ সালে জন্ম নেওয়া সৈয়দ মঞ্জুর এলাহী দেশের ব্যবসা ও শিল্পখাতে এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। উদ্যোক্তা হিসেবে তিনি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডসহ একাধিক সফল প্রতিষ্ঠান গড়ে তুলে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলেন।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তিনি শিক্ষা, গবেষণা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের নীতি নির্ধারণ ও মানবিক উন্নয়নে অবদান রাখেন।
এছাড়া ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই খ্যাতিমান শিল্পপতি।