শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. আবদুল্লাহ আল মামুন। ব্যাংকিং খাতে প্রায় ২৮ বছরের অভিজ্ঞতা নিয়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্বে ছিলেন। কর্মজীবনে মতিঝিল, দিলকুশা ও উত্তরা মডেল টাউন শাখার ব্যবস্থাপক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
মো. আবদুল্লাহ আল মামুন জামালপুর সদর উপজেলার হেলেঞ্চা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০১৩ সালে কানাডার টরন্টোর সেন্টেনিয়াল কলেজ স্কুল অব বিজনেস থেকে ফিন্যান্সিয়াল প্ল্যানিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
ব্যাংকিং পেশায় দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে তিনি দেশি-বিদেশি বিভিন্ন সম্মেলন, সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুরসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছেন।
শাহজালাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, মো. আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ব্যাংকটি ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে।