আনোয়ার ইস্পাতের উদ্যোগে ‘আনোয়ার ইস্পাত সিভিল ইঞ্জিনিয়ারিং ফুটবল ফেস্ট ২০২৬’-এর অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক দুটি দল।
পুরো ম্যাচজুড়ে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা, দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস এবং উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে খেলা পরিণত হয় এক মিলনমেলায়।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, আনোয়ার ইস্পাতের ডিলার এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং সার্বিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।