ভোক্তার আস্থা অর্জন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পণ্য ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে খাস ফুড লিমিটেড। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং উত্তম গ্রাহকসেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার (২২ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে খাস ফুডের প্রধান কার্যালয়ে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং উত্তম ভোক্তা-সেবা’ শীর্ষক এ প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) বিকাশ চন্দ্র দাস। এছাড়া সহকারী পরিচালক (মেট্রো-১) মো. আব্দুল জব্বার মণ্ডল, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) তাহমিনা বেগম এবং খাস ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল মোস্তফাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
প্রশিক্ষণে বাস্তব কেস স্টাডি, প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা ভোক্তার অধিকার, নিরাপদ খাদ্য এবং গ্রাহকসেবার বিভিন্ন বাস্তবধর্মী বিষয়ে ধারণা লাভ করেন।
সহকারী পরিচালক তাহমিনা বেগম ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর গুরুত্বপূর্ণ ধারা, আইনের প্রয়োগ, ভোক্তার অধিকার এবং ব্যবসাপ্রতিষ্ঠানের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, গ্রাহকের সন্তুষ্টি অর্জনে নৈতিকতা, স্বচ্ছতা ও সদাচরণের বিকল্প নেই। তিনি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আইনগত ও নৈতিক দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি অভিযোগ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার আহ্বান জানান।
উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, একটি ব্র্যান্ডের মূল ভিত্তি হলো পণ্যের গুণগত মান ও ভোক্তার সন্তুষ্টি। ভোক্তা-অধিকার সংরক্ষণে সময়োপযোগী এ ধরনের উদ্যোগ নেওয়ায় তিনি খাস ফুডকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ বিষয়ে অধিদপ্তরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
খাস ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল মোস্তফা বলেন, নিরাপদ খাদ্য সরবরাহের পাশাপাশি ভোক্তার অধিকার সংরক্ষণকে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তিনি বলেন, গ্রাহকের কাছে সর্বোচ্চ মানের পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি নিয়মিত প্রশিক্ষণ, আত্মমূল্যায়ন এবং ধারাবাহিক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করছে। এ প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কাজে প্রতিফলিত হবে এবং ভোক্তার আস্থা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।
উল্লেখ্য, খাস ফুড লিমিটেড গত ১১ বছর ধরে নিরাপদ খাদ্য সরবরাহের মাধ্যমে দেশের লাখো গ্রাহকের আস্থা অর্জন করে আসছে।