দেশের ৩৯টি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গঠিত স্টার্টআপ বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসির প্রথম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াইজ রহিম।
বিএসআইসিকে দেশের অন্যতম শীর্ষ প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তার এই নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় সম্প্রতি বিএসআইসি গঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য উচ্চ প্রবৃদ্ধিসম্পন্ন স্টার্টআপে দেশীয় প্রাতিষ্ঠানিক মূলধন বিনিয়োগের পাশাপাশি দেশের ভেঞ্চার ক্যাপিটাল ও উদ্ভাবনী ইকোসিস্টেমকে শক্তিশালী করা।
ইতোমধ্যে বিএসআইসি তাদের প্রথম তহবিল ‘অঙ্কুর’ চালু করেছে। ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪২৫ কোটি টাকার এই তহবিল দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের স্টার্টআপে বিনিয়োগ করা হবে। আগামী পাঁচ বছরে তহবিলটির আকার ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
বিএসআইসিতে যোগ দেওয়ার আগে ওয়াইজ রহিম লন্ডনভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান স্টারজন ক্যাপিটালে বাংলাদেশ অংশের ভেঞ্চার পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানটি মধ্য এশিয়া, পাকিস্তান ও বাংলাদেশে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ ব্যবস্থাপনা করে।
স্টারজন ক্যাপিটালে ওয়াইজ রহিম বিনিয়োগের সুযোগ চিহ্নিতকরণ, বিনিয়োগযোগ্যতা যাচাই, নিরীক্ষা ও পোর্টফোলিও উন্নয়নে কাজ করেন।
এর আগে ২০১৭ সালে তিনি ‘ডেলিগ্রাম’ নামে একটি ওমনিচ্যানেল ই-কমার্স প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন। এর লক্ষ্য ছিল স্থানীয় মুদি দোকানগুলোকে ই-কমার্স ফুলফিলমেন্ট নেটওয়ার্কে যুক্ত করা। প্রতিষ্ঠানটির জন্য সিঙ্গাপুর ও নিউইয়র্কের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন সংগ্রহের অভিজ্ঞতা রয়েছে তার।
ওয়াইজ রহিম ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
ওয়াইজ রহিমের নিয়োগ প্রসঙ্গে বিএসআইসির চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, ‘আমাদের প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ওয়াইজ রহিমের মধ্যে ভেঞ্চার বিনিয়োগ অভিজ্ঞতা, উদ্যোক্তাসুলভ দৃষ্টিভঙ্গি এবং প্রতিষ্ঠান গড়ে তোলার সক্ষমতার এক বিরল সমন্বয় রয়েছে।’