কুড়িগ্রামের উলিপুরে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উলিপুর মসজিদুল হুদার সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য উলিপুর গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি নাগরিকদের নিজ নিজ বাসা-বাড়ি, প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান এবং দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার গুরুত্বে জোর দেন।
কর্মসূচির মধ্যে পৌর শহরের সড়ক, বিভিন্ন অলি-অলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানার মোড় ও গুনাইগাছ মোড়সহ গুরুত্বপূর্ণ প্রাঙ্গণগুলো অন্তর্ভুক্ত। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর জেলা অর্থ সম্পাদক জহুরুল হক, উপজেলা ভারপ্রাপ্ত আমীর এডভোকেট কামাল কবির লিটন, সেক্রেটারি হাফেজ তৌহিদুল, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার প্রতি সচেতনতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে টেকসই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।