ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতা সাক্ষী হলো যশোর ডিবি পুলিশের সদস্যরা। গ্রেফতার এড়াতে বাথরুমে সিলিং ছাদে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি সুমন মাহমুদ নামে ওই আসামির। সিলিং থেকে কোলে করে নামিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাঁচটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
নারায়ণগঞ্জে চেক জালিয়াতির পাঁচটি মামলায় সাজা হওয়ার পর সুমন মাহমুদ দীর্ঘদিন ধরে ঢাকায় গা ঢাকা দিয়ে ছিলেন। সম্প্রতি তিনি যশোর শহরের রায়পাড়ায় নিজ বাড়িতে ফেরেন। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত ২টার দিকে ডিবির এসআই অলকের নেতৃত্বে একটি চৌকস টিম ওই বাড়িতে হানা দেয়। কিন্তু ঘরভর্তি মানুষ আর আসবাবপত্রের ভিড়ে সুমন উধাও হয়ে যায়।
নাছোড়বান্দা ডিবি পুলিশের সদস্যরা পুরো ২ ঘণ্টা ধরে চালায় তল্লাশি। একপর্যায়ে সন্দেহ গিয়ে ঠেকে বাথরুমে সিলিং ছাদের ওপর। যখন লুকানোর জায়গাটি ধরা পড়ল, তখন ঘটল মজার ঘটনা। সিলিং ছাদের ভেতর থেকে সুমন মাহমুদ যখন নামতে বাধ্য হলেন তখন সোজা গিয়ে পড়েন ডিবি সদস্যদের কোলে।