রাষ্ট্রপতির অভিশংসন ইস্যুতে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় জামায়াতে ইসলামী- এমনটাই জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনো বৃহৎ পরিসরে আলোচনা হয়নি। সবদিক বিবেচনা করে দেশের জন্য যেটি কল্যাণকর হবে, সেই সিদ্ধান্তই নেবে তার দল।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, মানুষের জীবনে নিরাপত্তাহীনতা মারাত্মকভাবে বেড়েছে। সরকারকে এ বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি দলের কেউ যেন অপরাধীদের পক্ষ না নেন বা দায় এড়িয়ে না যান। অন্যথায় অপরাধ দমন সম্ভব নয়। সদিচ্ছা থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারি দলের কয়েকজন মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সমাজে অস্থিরতা সৃষ্টি করছে উল্লেখ করে তিনি বলেন, এমন কাঁচা ও অসংযত কথাবার্তা অপরাধকে উসকে দিতে পারে। এভাবে চলতে থাকলে দেশের পরিস্থিতি কীভাবে উন্নত হবে, সেই প্রশ্নও তোলেন বিরোধীদলীয় নেতা।
তিনি আরও বলেন, সরকার যদি জনগণের কল্যাণে কাজ করে, তবে জামায়াতে ইসলামী অবশ্যই তাদের সঙ্গে থাকবে।
এর আগে সকালে সিলেটে পৌঁছান দলের আমীর। পরে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেলে সিলেটে আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নেন তিনি। বিরোধীদলীয় নেতা হিসেবে এটিই তাঁর প্রথম সিলেট সফর।