তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে অচিরেই ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান। মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের পর এই প্রথম নিজ সংসদীয় আসন রাঙামাটি সফরে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে রাঙামাটি জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘পার্বত্য অঞ্চলে সুষম উন্নয়নের চমক দেখাতে আমরা কাজ শুরু করেছি। ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন আনা হবে।’
বিএনপি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিএনপি এখন জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী জনগণের সেবা ও সুষম উন্নয়নের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। পাহাড়ে কোনো ধরনের বৈষম্য বরদাশত করা হবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সব খাতের সমন্বিত উন্নয়নই সরকারের অগ্রাধিকার।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে রাঙামাটির প্রবেশমুখ গোদারপাড় এলাকা থেকে শুরু করে ঘাগড়া, মানিকছড়ি, ভেদভেদী ও বনরূপাসহ শহরের বিভিন্ন পয়েন্টে হাজারো মানুষ তাকে স্বাগত জানাতে সমবেত হন।