আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে, প্রত্যেকটা অধ্যাদেশই আমরা বিল আকারে পেশ করব। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা ১৩৩টি অধ্যাদেশের প্রত্যেকটিই পেশ করা হবে।
তিনি বলেন, নরসিংদীতে ধর্ষণ মামলায় যারা জড়িত তাদেরকে কেউ আশ্রয় দিলে শেকড় ধরে উপড়ে ফেলা হবে। মামলার জট আমাদের দেশে একটি প্রকট সমস্যা। সেটাকে নিরসন করতে ব্যবস্থা নেওয়া হবে। আমি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অবস্থায় যতটুকু তৎপর ছিলাম, এখানে তার থেকে এক ডিগ্রি বেশি হলেও তৎপরতা দেখতে পাবেন।
তিনি আরও বলেন, সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধ পরিকর। সরকারি কোনো দপ্তরের কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতিবাজ কর্মকতাদের শুধু চাকরিই যাবে না, তার বিরুদ্ধে মামলাও হবে।
আইনমন্ত্রী বলেন, মাদক-সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, হানাহানি-মারামারি এসব ব্যাপারে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গুটিকয়েক দুষ্কৃতিকারীর কারণে সরকারের ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে না।
আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকার বন্ধ পরিকর উল্লেখ করে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপি সভাপতি এমএ মজিদ, রাশেদ খানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।