জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে মোছা. খালেদা বিবি (৩০) নামে এক কন্যা সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিষয়টি রোববার (১ মার্চ) সকালে নাগরিক প্রতিদিন-কে নিশ্চিত করেছেন কালাই থানা তদন্ত কর্মকর্তা দীপেন্দ্রনাথ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময়ে ওই ঘটনা ঘটে। নিহত খালেদা বিবি এলতা উত্তর পাড়া গ্রামের আব্দুল খালেক এর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাইদুল ইসলাম বাকী দীর্ঘদিন ধরে তার দ্বিতীয় স্ত্রী খালেদা বিবিকে সন্দেহ করতেন। এ সন্দেহকে কেন্দ্র করে প্রায়ই তাদের পরিবারে কলহের সৃষ্টি হতো।
অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন অজুহাতে স্ত্রীর কাছ থেকে টাকা-পয়সা দাবি করতেন। টাকা না পেলে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে বিক্রি করে দিতেন। সর্বশেষ গত শনিবার বিকেলে তিনি স্ত্রীর একটি স্বর্ণের চেইন ও মোবাইল ফোন নিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে খালেদা বিবি গ্রামের লোকজনকে অবহিত করেন। পরে পারিবারিক বৈঠকের মাধ্যমে স্বর্ণের চেইন ও মোবাইল ফোন তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। বৈঠক শেষে গ্রামবাসীরা স্থান ত্যাগ করলে স্বামী-স্ত্রী একসঙ্গে তাদের শয়নকক্ষে প্রবেশ করেন। শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে সেহরি খাওয়ার জন্য বাসায় থাকা গৃহকর্মী মৌসুমি নিহতের স্বামীকে ডাকতে গেলে তিনি দরজা খুলে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। এরপর কক্ষে প্রবেশ করে খালেদা বিবিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে কালাই থানা তদন্ত কর্মকর্তা নাগরিক প্রতিদিন-কে জানান, ঘটনা শোনার পর তারা ওই এলাকায় গিয়েছেন এবং ঘরের ভেতর খালেদা বিবিকে গলায় ওড়না প্যাচানো অবস্থায় পেয়েছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।