বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের হামলায় আরিফুল ইসলাম (৩২) নামের এক সাবেক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। উপজেলার মডেল বাজার এলাকায় রোববার (১ মার্চ) রাত ১১টার দিকে এ হামলা হয়।
নিহত আরিফুল ইসলাম শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে এদিন রাতে প্রতিপক্ষের একদল লোক আরিফুল ইসলামের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম ইসলাম মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করেছ। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের পর থেকে জামায়াতে ইসলামীর কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা ছাত্রদল কর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। আরিফুল ইসলামকে ঘরের ভেতর আটকে নির্মমভাবে মারধর করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’