কক্সবাজারের উখিয়ায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে একটি এসএমজি, ৩১ রাউন্ড তাজা গুলি ও ১৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বুধবার (৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিনায়ক জানান, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) জিম্বংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানে এদিন দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার বিআরএম-১৫ থেকে আনুমানিক ৮০০ গজ উত্তরে ও বিজিবির ৫.৫ নম্বর পোস্টের পূর্ব পাশে চিরুনি তল্লাশি চালানো হয়। অভিযানে সন্ত্রাসীদের উপস্থিতি পাওয়া না গেলেও পরিত্যক্ত অবস্থায় মায়ানমারে তৈরি একটি এসএমজি, ৩১ রাউন্ড গুলি ও ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।