জ্বালানি তেলের অবৈধ পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে ভারতে তেল পাচার ঠেকাতে টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও কয়েকগুণ বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান তিনি বলেন, বিজিবি সদর দপ্তর থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে হিলিসহ দিনাজপুর সেক্টরের আওতাধীন সব সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
সেক্টর কমান্ডার আরো বলেন, দেশের জ্বালানি সম্পদ যেন কোনোভাবেই সীমান্ত দিয়ে পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা এবং ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা দেখা দিয়েছে। এই সুযোগে অধিক মুনাফার আশায় কিছু অসাধু চক্র সীমান্ত দিয়ে তেল পাচারের চেষ্টা করতে পারে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সীমান্তে বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, অতীতেও একাধিকবার অসাধু চক্র সীমান্ত দিয়ে তেল পাচারের চেষ্টা চালালেও বিজিবির তৎপরতায় তা ব্যর্থ হয়েছে। দেশের সম্পদ সুরক্ষায় সীমান্তে এই কঠোর নজরদারি ও টহল কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।