নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের মা রিজিয়া বেগম (৮৫) ইন্তেকাল করেছেন। শনিবার (৭ মার্চ) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, রিজিয়া বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাদ জোহর ঢাকায় মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে তাদের গ্রামের বাড়িতে নেওয়া হবে।
তিনি আরও বলেন, রাত ১০টায় সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মরহুমাকে তার স্বামীর কবরের পাশে দাফন করা হবে। আমার মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া কামনা করছি।
এদিকে রিজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আল্লাহর কাছে মরহুমাকে জান্নাত নসীব ও পরিবারের সদস্যদের ধৈর্য দানের জন্য দোয়া করেন।