সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের অবৈধ পাচার ও অপব্যবহার রোধে বিশেষ সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ মার্চ) সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন কর্তৃক আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্যে অস্থিরতা তৈরি হওয়ায় দেশের অভ্যন্তরে তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে বিশেষ করে সাতক্ষীরা সদর ও কলারোয়া এলাকার ফিলিং স্টেশনগুলোতে তদারকি বৃদ্ধির পাশাপাশি ভোমরা স্থলবন্দর এলাকায় কঠোর নজরদারি ও বিশেষ তল্লাশি চালানো হচ্ছে।
এছাড়া বিদেশি কার্গো যানবাহন যেন কম জ্বালানি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে স্থানীয়ভাবে ট্যাংক পূর্ণ করতে না পারে এবং বাংলাদেশি গাড়িগুলো প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি নিয়ে সীমান্ত পার হতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান যে, নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন ব্যক্তিদের নিয়ে জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
উক্ত প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক সাদমান সাদিক, উপসহকারী পরিচালক মাসুম বেগ এবং মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন উপস্থিত ছিলেন।