ঝিনাইদহে পেট্টোল পাম্পে তেল নিতে গিয়ে বাক-বিতণ্ডার জেরে পাম্পের কর্মীদের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের থেকে জানা যায়, এদিন সন্ধ্যায় বোতলে তেল নিতে তাজ ফিলিং স্টেশনে আসেন নিরব নামের এক যুবক। এ সময় পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করে। কিছুক্ষন পর তিনি আবারও পাম্পে আসেন। এ সময় অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিতে দেখে প্রতিবাদ করেন তিনি। এক পর্যায়ে পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে র্যাব।
এদিকে পাম্প কর্মীদের পিটুনিতে যুবক নিহত হওয়ার খবরে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন আরেকটি পাম্পে উত্তেজিত জনতা ভাঙচুর চালায়।
নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। তার খালাতো ভাই সোহেল বলেন, ‘আমার ভাই সাধাসিধে মানুষ। মোটরসাইকেলের তেল নিতে গিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয়। কিন্তু পাম্পের কর্মীরা সন্ত্রাসী কায়দায় লাঠিসোটা দিয়ে পিটিয়ে আমার ভাইকে খুন করেছে। আমি হত্যাকান্ডের বিচার চাই।’
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, ‘নিরব নামের এক যুবক পাম্পে তেল নিতে আসে। এ সময় পাম্পের কর্মীরা বাক-বিতণ্ডার জেরে ওই যুবককে পিটিয়ে আহত করে। পরে ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করা হয়েছে। পাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’