কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে শুকুর আলী নামের এক চা দোকানী গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার দক্ষিণ রেলগেট এলাকায় শনিবার (৭মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এদিন রাতে হেলমেট পরিহিত চার থেকে পাঁচজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসায়িক অফিস লক্ষ্য করে ১৩ থেকে ১৪ রাউন্ড গুলি করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ঘটনাস্থালের পাশের চা দোকানী শুকুর আলী গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু নাগরিক প্রতিদিনক বলেন, ‘আমি অফিসের মধ্যেই ছিলাম। হঠাৎ কয়েকজন এসে বাইরে থেকে গুলিবর্ষণ করে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি জানি না। থানা থেকে পুলিশ এসেছিল, সব দেখে গেছে। এ বিষয়ে রাতেই অভিযোগ জমা দিব।’
বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান নাগরিক প্রতিদিনকে বলেন, ‘এলাকায় কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’