নোয়াখালীর চাটখিল উপজেলায় ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মো. ফয়সাল নামের ওই ছাত্রদল কর্মী শনিবার (৭ মার্চ) ফেসবুক লাইভে এ অভিযোগ করেন।
ফেসবুক লাইভে ফয়সাল জানান, সন্ধ্যার পর উপজেলার কড়িহাটি বাজারে এ ঘটনা ঘটে। লাইভে তাকে বলতে শোনা যায়, ‘আমি ছাত্রদল করি, ৫ আগস্টের আগ থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করি। আমি আজ ঢাকা থেকে বাড়িতে আসি, বাজারে ইফতার করার পরে আওয়ামী লীগের লোকজন আমার ওপর অতর্কিত হামলা চালিয়েছে।’
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তার হাত, মাথা, পিঠসহ বিভিন্ন জায়গায় কুপিয়েছে। পাশাপাশি তার দোকানও ভাঙচুর করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘আমরা মারামারির খবর পেয়েছি, অভিযোগকারীদের থানার আসার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে, এটা রাজনৈতিক কারণে নাকি।’