পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম, অতিরিক্ত মুনাফা ও ভোক্তা হয়রানি ঠেকাতে মাগুরায় কঠোর অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ মার্চ ) মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ায় দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাজারের জ্বালানি তেল, চিনি, ছোলা, ফল, ভোজ্যতেল, চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়।
তদারকির সময় দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী আইন অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রি, মূল্যতালিকা গোপন রাখা এবং নির্ধারিত নিয়ম উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করছে।
অভিযানে মেসার্স জীবন স্টোর নামক প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণে চরম অবহেলা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য খোলা অবস্থায় বিক্রি এবং মোড়কীকরণ আইন লঙ্ঘন করে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব গুরুতর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স মাম্পি ভান্ডার নামের আরেকটি প্রতিষ্ঠানে মূল্যতালিকা না টানানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ, বিক্রয় ভাউচার যথাযথভাবে প্রদান না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও আইন লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এসময় বাজারের অন্যান্য দোকানেও তদারকি চালিয়ে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা না করে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় তাকে সার্বিক সহযোগিতা করেন জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), মাগুরার জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিকার কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে অনিয়ম, ভেজাল ও অতিরিক্ত মুনাফার বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।