শরীয়তপুরের চরভাগা এলাকায় পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধের ‘সোনার বাংলা অ্যাভিনিউ’ অংশ থেকে জিও ব্যাগ চুরির ঘটনায় জড়িতদের আগামী ১২ ঘণ্টার মধ্যে জিও ব্যাগ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ। নির্ধারিত সময়ের মধ্যে জিও ব্যাগ ফেরত না দিলে সংশ্লিষ্টদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার (১০ মার্চ) শরীয়তপুরের সখিপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সখিপুর থানার ওসিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ বলেন, পদ্মা নদীর ভয়াবহ ভাঙন থেকে চরভাগাসহ আশপাশের জনপদ রক্ষায় সরকার ডান তীর রক্ষা বাঁধ নির্মাণ ও সংরক্ষণে বিপুল অর্থ ব্যয় করছে। বাঁধের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জিও ব্যাগ স্থাপন করা হয়েছে, যা নদীর তীব্র স্রোতের চাপ কমিয়ে বাঁধকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে এসব জিও ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে, যা বাঁধের নিরাপত্তার জন্য বড় হুমকি।
তিনি আরও বলেন, যারা এই জিও ব্যাগ চুরির সঙ্গে জড়িত, তাদের দ্রুত এসব অপকর্ম বন্ধ করতে হবে। অন্যথায় প্রশাসনের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি তিনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের কেউ যদি কোনো অপকর্মে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দল থেকেও বহিষ্কার করা হবে।
সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এস এম হামিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি শামসুল আলম দাদন, সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদারসহ নড়িয়া ও সখিপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ প্রায় পাঁচ হাজার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসে পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় ৫৯২ কোটি টাকা ব্যয়ে ৫ দশমিক ৮ কিলোমিটার স্থায়ী ডান তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শুরু করে, যা বর্তমানে চলমান রয়েছে।