জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি পার্বত্য জেলা আহ্বায়ক বিপিন জোতি চাকমা দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতির মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে বিপিন জোতি চাকমা বলেন, দীর্ঘদিন ধরে তিনি দলকে শক্তিশালী করা, নতুন রাজনৈতিক ধারা গড়ে তোলা এবং পার্বত্য অঞ্চলের জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছিলেন। তবে সাংগঠনিক পর্যায়ে ধারাবাহিক অসহযোগিতা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে প্রয়োজনীয় সমন্বয় ও সক্রিয়তার ঘাটতি এবং কেন্দ্রীয় পর্যায়ের কিছু নেতার প্ররোচনায় দলের ভেতরে সমান্তরালভাবে বিভিন্ন দল-উপদল গড়ে ওঠার কারণে দলীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা ক্রমেই কঠিন হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ পরিস্থিতিতে গভীরভাবে চিন্তা-ভাবনা করে বুধবার (১১ মার্চ) থেকে দলীয় সকল কার্যক্রম এবং তার ওপর অর্পিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
বিপিন জোতি চাকমা আরও বলেন, খুব শিগগিরই তিনি কেন্দ্রীয় কমিটির কাছে তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠাবেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি এনসিপির প্রতি তার আন্তরিক শুভকামনা ও নৈতিক সমর্থন আগামীতেও থাকবে বলেও উল্লেখ করেন।