পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাজার তদারকি জোরদার করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে জয়পুরহাটের কালাই উপজেলায় একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ ) উপজেলার মাত্রাই বাজারে অবস্থিত মেসার্স বগুড়া বেকারীর সেমাই কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে ইউএনও শামীম আরা নাগরিক প্রতিদিন-কে বলেন, জনস্বার্থে পবিত্র রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল খাদ্য ও অনিয়ম প্রতিরোধের মাধ্যমে সাধারণ ভোক্তাদের অধিকার সুরক্ষিত রাখতেই প্রশাসনের এই তৎপরতা।