শীত মৌসুমের দীর্ঘ শুষ্কতার পর অবশেষে সিলেটে নেমেছে স্বস্তির বৃষ্টি। শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে নগরের বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টিপাত। এতে তাপমাত্রা কিছুটা কমে এসেছে এবং জনজীবনে ফিরেছে স্বস্তি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেট বিভাগেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের মতে, শীত মৌসুমের শুষ্কতার কারণে নগরজুড়ে ধুলাবালির পরিমাণ বেড়ে গিয়ে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। হঠাৎ বৃষ্টিতে সেই অস্বস্তি কিছুটা কমে এসেছে এবং স্বস্তি ফিরেছে নগরবাসীর মাঝে।