ডিজিটাল যুগের ভিড়ে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী হাতে বানানো ঈদ কার্ডকে নতুন করে ফিরিয়ে আনতে মাগুরায় আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী উৎসব। ‘ঈদ কার্ড বানিয়ে খোলা উদ্যানে, শৈশবে ফিরে যাই নব উদ্যমে’- স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা তৃতীয়বারের মতো সৃজনশীল সংগঠন ‘পরিবর্তনে আমরাই’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ কার্ড উৎসব।
শনিবার (১৪ মার্চ) দুপুরে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ঈদ কার্ড তৈরির প্রতিযোগিতায় চার বছরের শিশু থেকে শুরু করে প্রায় ৬০ বছর বয়সী প্রবীণরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বয়সের সীমা ভেঙে সবাই রঙতুলি দিয়ে সৃজনশীলতার ছোঁয়ায় তৈরি করেন নান্দনিক ঈদ কার্ড। ঈদ মানেই আনন্দ, ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময়ের সময়। সেই আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে অংশগ্রহণকারীরা কাগজ, রং, গ্লিটার, স্টিকারসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে নিজ হাতে তৈরি করেন আকর্ষণীয় ঈদ কার্ড।
প্রযুক্তিনির্ভর এই সময়ে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে হাতে তৈরি ঈদ কার্ডের প্রচলন অনেকটাই কমে গেলেও সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে নতুন করে জাগিয়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় প্রায় ২০০ জন নিবন্ধন করলেও সরাসরি প্রতিযোগিতায় অংশ নেন ১৮০ জন। প্রতিযোগিতা শেষে তিনটি গ্রুপে মোট ৯ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল আল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের।অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন পরিবর্তনে আমরাই সংগঠনের সভাপতি নাহিদুর রহমান দুর্জয়। বিশেষ অতিথি ও বিচারক হিসেবে বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম মঞ্জু।
ঈদ কাটুক ঈদ কার্ডে, হাতে বানানো কার্ডে ফিরে আসুক শৈশবের আনন্দ”-এই বার্তা নিয়ে আয়োজিত ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।