ঝালকাঠির রাজাপুর উপজেলায় নৌবাহিনীর এক কর্মকর্তার প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই কর্মকর্তা ও তার স্ত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে খুলনা–বরিশাল মহাসড়কের রাজাপুর উপজেলার বাগড়ি বাজারে ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ বরিশালে নৌবাহিনীতে কর্মরত। তিনি নিজেই প্রাইভেটকার চালিয়ে মংলা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথে বাগড়ি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা তার দেড় বছর বয়সী মেয়ে মেহেরিমা গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ ও তার স্ত্রী রুমানা আহত হয়েছেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এতে গাড়িতে থাকা এক শিশু মারা গেছে এবং তার বাবা-মা আহত হয়েছেন।