শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালু। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
জানা গেছে, দেশের বিভিন্ন জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার একযোগে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। এর অংশ হিসেবে শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পান বীর মুক্তিযোদ্ধা সরদার নাসির উদ্দিন কালু।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, নতুন প্রশাসকের নেতৃত্বে শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
বীর মুক্তিযোদ্ধা সরদার নাসির উদ্দিন কালু দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তার নিয়োগে জেলার বিভিন্ন মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।