পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে দক্ষিণবঙ্গমুখী মানুষের ঘরমুখো যাত্রা বাড়তে শুরু করেছে। এতে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি, স্বস্তিতে যাতায়াত করছেন যাত্রীরা।
বুধবার (১৮ মার্চ) ভোর থেকে সেতুর উত্তর টোল প্লাজার লৌহজং এলাকায় দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। তবুও যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঈদের ছুটির প্রথম দিন মঙ্গলবার (১৭ মার্চ) ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পদ্মা সেতু পারাপার করেছে। এ সময় টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।
সংস্থাটির পরিচালক আলতাফ হোসেন জানান, বুধবার (১৮ মার্চ) মধ্যরাত থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ১৮ হাজার ৬০৩টি যানবাহন সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ২৪ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে গত ৩৬ ঘণ্টায় ৫৭ হাজার ১২০টি যানবাহন পদ্মা সেতু ব্যবহার করেছে এবং মোট টোল আদায় হয়েছে ৬ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।
তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলগামী যাত্রীর চাপ আরও বাড়তে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। সেতু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তদারকিতে রয়েছে, যাতে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন থাকে।