কুমিল্লার মুরাদনগরে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর পড়া গাছের নিচে চাপা পড়ে শেফালী বর্মন (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী রঞ্জন চন্দ্র বর্মনের স্ত্রী।
পরিবারের লোকজন জানান, শেফালী বর্মনের স্বামীর বাড়ি মুরাদনগর সদরের জেলে পাড়ায়। স্বামী মারা যাওয়ার পর দড়িকান্দি বাপের বাড়িতে ছোট্ট একটি টিনের দোচালা ঘরে বসবাস করতেন তিনি। তার দুই মেয়ে বিয়ে হয়ে যাওয়ায় তিনি ঘরে একাই থাকতেন। বুধবার দিবাগত রাত ৮টার দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় উঠলে ঘরের পাশে থাকা বিশাল আকৃতির একটি কাঁঠাল গাছ ঘরটির ওপরে পড়ে। এ সময় রাতের খাবার খাওয়া অবস্থায় শেফালী বর্মন গাছের নিচে চাপা পড়ে মারা যান।
ঝড় থেমে যাওয়ার পরে পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে গাছ সরিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে।